সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলা এসিল্যান্ড জসিম উদ্দীনের বিরুদ্ধে এবি পার্টির এক কর্মীকে হেনস্থা, অপমান, দুর্ব্যবহার ও অন্যায়ভাবে ২০ হাজার টাকা জরিমানার অভিযোগ করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ সদর আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সাথে সাক্ষাৎ করে এ অভিযোগ দেন।
উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের একটি প্রচার ক্যারাভান আটক করে এসিল্যান্ড জসিম উদ্দিন এক কর্মীকে আটক করে হেনস্তা করেছেন, খারাপ ব্যবহার করেছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ দিয়েছি।
তিনি বলেন, এ ধরনের প্রচার ক্যারাভান সারাদেশেই চলছে। ফেনী-১ আসনে বিএনপির প্রার্থীরও ক্যারাভান রয়েছে। কিন্তু আমাদের বলা হয়েছে, আমাদের রঙিন ব্যানার রয়েছে। অথচ এগুলো জামায়াতের আমির আসা উপলক্ষে লাগানো হয়েছিল। পরবর্তীতে সরিয়ে ফেলা হয়েছে। তারেক রহমান ফেনী আসার সময় অন্যান্য দলও রঙিন ব্যানার লাগিয়েছিল, তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মঞ্জু বলেন, এটি সম্পূর্ণ অন্যায় ও অনিয়ম এবং স্পষ্টতই বৈষম্যমূলক আচরণ। আমাদের কাছে মনে হচ্ছে, এসিল্যান্ড সম্পূর্ণভাবে একপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট। একই ধরনের সুযোগ কেউ পাবে, কেউ পাবে না এমন তো হতে পারে না।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রচার চালানো হচ্ছে, ভোটারদের লোভ দেখানো হচ্ছে। যা আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এসব অনিয়ম অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণাসহ নানা অনিয়মের বিষয়েও আমরা অভিযোগ জানিয়েছি। রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকেও এসব বিষয় অবগত করা হয়েছে। অন্যরা যদি আচরণবিধি ভঙ্গ করে, তাদের বিরুদ্ধেও অবশ্যই ব্যবস্থা নিতে হবে।


