সংবাদদাতা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি কি ভুলে গেছে? দেড় কোটি ভুয়া ভোটার বানিয়ে আপনারা নির্বাচিত হতে চেয়েছিলেন। যারা ভোটকে ভয় পায় তারাই দেশে-বিদেশে ঘুরে ষড়যন্ত্র করছে। আজ আলোকিত বাংলাদেশ থেকে আমরা আর অন্ধকারে যেতে চাই না। পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছে, নিজেদের দেশে কী করছেন- তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছে সেখানে কোনো পেশিশক্তি টিকবে না। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার বিকালে উপজেলার শহিদ মিনার চত্বরে এ জনসভার আয়োজন করা হয়। খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনের পক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এটা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এ বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সবাই মিলে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করব।
ফেনী-১ আসনের এমপি ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।
জনসভার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
Reporter Name 















